নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলায় ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক সাহাব উদ্দিন ও উপজেলা দক্ষিণ সভাপতি মনিরুল ইসলামসহ অন্তত চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, মসজিদে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা আবদুর রহিমের নেতৃত্বে ৮-১০ জন এসে হামলা চালায় ও চেয়ার ভাঙচুর করে।
ছাত্রশিবিরের জেলা দক্ষিণ সেক্রেটারি আরাফাত হোসেন অভিযোগ করেন, “বিএনপির সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে অতর্কিত হামলা চালিয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন বলেন, “এক অভিভাবক তার ছেলেকে মাদ্রাসায় না পেয়ে জামায়াত অফিসে খুঁজতে যান। এ নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি ও হাতাহাতির ঘটনা ঘটে, হামলার অভিযোগ সত্য নয়।”
কবিরহাট থানার ওসি শাহিন মিয়া জানান, জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমাদের ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ আশা করছি।”

