পুরান ঢাকার একটি বাসার শৌচাগারে সিগারেট ধরাতে গিয়ে গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হওয়া কলেজছাত্র দীন ইসলাম, ওরফে সিয়াম, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

গত রোববার দিবাগত রাতে নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউড়ি এলাকায় নিজ বাসার শৌচাগারে দুর্ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্য, সিয়াম গ্যাসলাইট দিয়ে সিগারেট ধরানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়।

স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, শৌচাগারের ভেতরে আগে থেকেই গ্যাস জমে ছিল। গ্যাসলাইট জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

দীন ইসলাম রায়হান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বংশাল থানা পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।