টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১১টার পর থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হবে। শুক্রবার রাতে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৩ দশমিক ৯১ ফুট। যদিও হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট, তবুও বৃষ্টিপাত ও উজান থেকে পানির প্রবাহ অব্যাহত থাকায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে আরও বেশি জলকপাট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে, বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঁচটি ইউনিট দিয়ে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রটিতে উৎপাদিত হচ্ছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ।
পানি ছাড়ার কারণে কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকা, নৌযান চালক, জেলে এবং ভাটির বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

