চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম নগর থেকে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল মিনিবাসটি। পথে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের ওপর উল্টে যায় বাসটি।
খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহত যাত্রীদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ১৪ জনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করেছে পটিয়া হাইওয়ে থানা পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

