চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত নেতাকর্মীর চাপে মঞ্চ ভেঙে পড়ে যান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে থাকা কেউ আহত হননি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ধারণক্ষমতার বেশি মানুষ মঞ্চে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিকবার মাইকিং করে অতিরিক্ত লোকজনকে নেমে যেতে বলা হয়। তবে তা কার্যকর হয়নি।
পরে অর্থমন্ত্রী মঞ্চে উঠলে তার সঙ্গে আরও অনেকে উঠে পড়েন। একপর্যায়ে অতিরিক্ত চাপ নিতে না পেরে মঞ্চের কয়েকটি অংশ ভেঙে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হয়।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুরো মঞ্চ ধসে পড়েনি; কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। পরে মন্ত্রী ওই মঞ্চ থেকেই কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
স্থানীয় নেতারা জানান, অতিরিক্ত লোকজন মঞ্চে ওঠার কারণেই এ ঘটনা ঘটে। তবে বড় কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

