বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার সামনে চতুর্থ শিরোপা জয়ের হাতছানি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখার সুযোগ থাকলেও সেখানে যাচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

রোববার স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ তিনি দেখবেন রাজধানী বুয়েনস এইরেসের অলিভোস প্রেসিডেন্ট ভবন থেকেই। কারণ, বিশ্বকাপে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচও তিনি সেখানেই বসে দেখেছেন। আর প্রতিবারই জিতেছে আলবিসেলেস্তেরা। তাই নিজের এই ‘লাকি রুটিন’ ভাঙতে রাজি নন তিনি।

রেডিও এল অবজারভেদর-কে দেওয়া সাক্ষাৎকারে মিলেই বলেন, সব ম্যাচের মতো এবারও তিনি অলিভোস থেকেই খেলা দেখবেন। এমনকি নিজের আরেকটি ‘কাবালা’ বা সৌভাগ্যের বিশ্বাসের কথাও জানান তিনি। শীতের মধ্যে ঘরের হিটার চালু না করে একটি নির্দিষ্ট জ্যাকেট পরেই খেলা দেখেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে একবার জ্যাকেট খুলতেই আর্জেন্টিনা গোল খেয়েছিল। এরপর থেকে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আর জ্যাকেট খোলেন না।

লাতিন আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, এমন সৌভাগ্যের বিশ্বাসকে বলা হয় ‘কাবালা’। একই পোশাক পরে খেলা দেখা, একই জায়গায় বসে ম্যাচ উপভোগ করা কিংবা কোনো নির্দিষ্ট অভ্যাস বজায় রাখা—এসবই অনেক সমর্থকের কাছে দলের সাফল্যের প্রতীক।

তাই এবারও মেটলাইফ স্টেডিয়ামে নয়, নিজের সেই পরিচিত জায়গাতেই বসে মেসিদের আরেকটি বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।