বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ, আর সেই ম্যাচের দায়িত্ব উঠেছে এমন এক রেফারির কাঁধে, যিনি একসময় পুলিশি অভিযানে আটক হয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন।
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সী এই রেফারি ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক তালিকাভুক্ত। এর আগে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও নেশনস লিগের ফাইনালসহ ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।
তবে ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র–সংশ্লিষ্ট একটি পুলিশি অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হলে ব্যাপক আলোচনার জন্ম দেয় ঘটনাটি। ওই অভিযানে বিপুল পরিমাণ কোকেন, আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ উদ্ধার হলেও ভিনচিচ শুরু থেকেই দাবি করেন, তিনি কেবল পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। পরে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও জানায়, তিনি ‘ভুল সময়ে ভুল জায়গায়’ ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ মেলেনি।
সব বিতর্ক পেছনে ফেলে ভিনচিচ নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন। এবার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ—বিশ্বকাপ ফাইনাল। বাংলাদেশের সময় ২০ জুলাই দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন এই স্লোভেনিয়ান রেফারি।

ডেস্ক রিপোর্ট 

























