শুধু বিশ্বকাপ ট্রফি আর স্বর্ণপদক নয়, এবার চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে আরও একটি বিশেষ সম্মান। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো বিজয়ী দলকে দেবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের পর ট্রফি ও পদকের পাশাপাশি এই ঐতিহাসিক আংটির ঘোষণা দেবে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো প্রতিযোগিতায় এবারই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
মোট ২০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হয়েছে, যা ২০২৬ বিশ্বকাপের স্মারক হিসেবে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর মধ্যে ৩০টি আংটি পাবেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও প্রতিনিধিরা। আর বাকি ১ হাজার ৯৯৬টি আংটি ফিফার অনুমোদিত স্মারক হিসেবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বিক্রি করা হবে।
আংটির এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় বহনকারী বিশেষ নকশা। প্রতিটি আংটিতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং মালিকের আঙুলের মাপ অনুযায়ী তা তৈরি করা হবে। সঙ্গে দেওয়া হবে সত্যায়ন সনদও।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী আংটি তুলে দেওয়া হবে। পরে নির্ধারিত মাপ অনুযায়ী তৈরি করা ব্যক্তিগত আংটিগুলো আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হবে বিজয়ীদের হাতে। বিশ্বকাপ জয়ের স্মৃতিকে আরও বিশেষ করে তুলতেই এই নতুন উদ্যোগ নিয়েছে ফিফা।

ডেস্ক রিপোর্ট 

























