মাঠে দুর্দান্ত ফুটবল, মাঠের বাইরেও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া টিকিট বিক্রির পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তায় দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।
ওসলোয় অনুষ্ঠিত সেই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে হারিয়েছিল আর্লিং হলান্ডের নরওয়ে। তবে ম্যাচের জয়কে ছাপিয়ে আলোচনায় এসেছে তাদের মানবিক উদ্যোগ। টিকিট বিক্রির অর্থ তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)–এর কাছে, যারা গাজাসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে থাকে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেছেন, যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, গাজায় প্রতিদিন জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যাওয়া মানুষের প্রতি সমর্থন জানাতেই এই উদ্যোগ।
এদিকে, নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও একই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার, অর্থাৎ প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক এই উদ্যোগে আবারও প্রশংসা কুড়িয়েছে নরওয়ে ফুটবল।

ডেস্ক রিপোর্ট 

























