২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে ম্যাচের আগেই ফুটবল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পাঁচ বছর আগের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
২০২১ সালের ১২ জুলাই এক্সে করা ওই পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। শুধু তাই নয়, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ইঙ্গিতও ছিল সেখানে। কাকতালীয়ভাবে সেই পূর্বাভাসের সঙ্গে বাস্তবের মিল পাওয়ায় পোস্টটি এখন ভাইরাল।
তবে বিষয়টিকে অলৌকিক কিছু মনে করছেন না প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ। তাদের মতে, বড় টুর্নামেন্টের আগে অসংখ্য সম্ভাব্য ফলাফল দিয়ে পোস্ট করা হয়। পরে ভুলগুলো মুছে রেখে সঠিক ভবিষ্যদ্বাণীটিই ছড়িয়ে দেওয়া হয়, যা সামাজিক মাধ্যমে নতুন নয়।
এদিকে, রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনা কি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে, নাকি ২০১০ সালের পর আবারও শিরোপা জিতবে স্পেন—সেই উত্তর মিলবে ৯০ মিনিটের লড়াইয়ে।
আর ম্যাচ শেষে জানা যাবে, পাঁচ বছর আগের সেই ভাইরাল ভবিষ্যদ্বাণী সত্যিই পুরোপুরি মিলে যায় কি না।

ডেস্ক রিপোর্ট 

























