জাতীয় দল থেকে অবসরের ঘোষণার পর অবকাশযাপনে সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর এই বিরতির মধ্যেই প্রায় ২৮০ কোটি টাকা ব্যয়ে কিনেছেন একটি বিলাসবহুল সুপারইয়ট।
‘এনেজোটা’ নামের এই ইয়টটির মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। নেইমারের আদ্যক্ষর ‘এনজে’ থেকেই রাখা হয়েছে এর নাম। বর্তমানে এটি ব্রাজিলের জনপ্রিয় পর্যটন এলাকা আংরা দোস রেইস-এ নোঙর করা রয়েছে, যেখানে পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে পছন্দ করেন নেইমার।
৪৬ মিটার দীর্ঘ এই সুপারইয়টে রয়েছে প্রায় ৮০০ বর্গমিটার ব্যবহারযোগ্য জায়গা, ছয়টি বিলাসবহুল স্যুট, একাধিক লাউঞ্জ, আধুনিক সুযোগ-সুবিধা এবং উপরের ডেকে একটি হেলিপ্যাড। চারটি শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার গতিতে চলতে পারে এটি।
এই কেনাকাটার মধ্য দিয়ে বিলাসবহুল সুপারইয়টের মালিক ফুটবল তারকাদের তালিকায় যোগ দিলেন নেইমার। যেখানে আগে থেকেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ডেভিড বেকহাম। ব্যক্তিগত জেট, সুপারকার ও বিলাসবহুল বাড়ির পর এবার তার সংগ্রহে যুক্ত হলো এই অত্যাধুনিক সুপারইয়ট।

ডেস্ক রিপোর্ট 

























