বিশ্বকাপে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তোলার পর আরেকটি ব্যক্তিগত অর্জনের দৌড়েও এগিয়ে গেছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক এখন নবম ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে আলোচনায়।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল না করলেও দলের দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি। চলতি বিশ্বকাপে তার গোল ৮টি, অ্যাসিস্ট ৪টি। একই সংখ্যক গোল করলেও অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি কিলিয়ান এমবাপের চেয়ে এগিয়ে রয়েছেন।
আন্তর্জাতিক স্পোর্টসবুক ও বিভিন্ন প্রেডিকশন মার্কেটেও ব্যালন ডি’অর জয়ের শীর্ষ ফেভারিট এখন মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে ধারাবাহিক পারফরম্যান্স এবং ১২টি গোলে সরাসরি অবদান তাকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে।
তবে লড়াই এখনও শেষ হয়নি। স্পেন যদি বিশ্বকাপ জেতে এবং ফাইনালে লামিন ইয়ামাল দুর্দান্ত পারফরম্যান্স করেন, তাহলে ব্যালন ডি’অরের সমীকরণে পরিবর্তন আসতে পারে। এরপরও বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে মেসিকেই।
২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতা মেসি সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন ২০২৩ সালে। এবার নবমবারের মতো ট্রফি জিততে পারলে নিজের গড়া রেকর্ড আরও সমৃদ্ধ করবেন আর্জেন্টাইন মহাতারকা।

ডেস্ক রিপোর্ট 

























