রাজধানীর ভাটারা এলাকায় জুলাই আন্দোলন চলাকালে মো. জাহাঙ্গীর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন আদালতে আবেদন করেন। গত ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আবেদনটি মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, কে এম নুরুল হুদা ও হাবিবুল আওয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।

মামলার অভিযোগে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ২১ জুলাই ভাটারা এলাকায় আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. জাহাঙ্গীর। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে দাঙ্গা সৃষ্টি করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে। আওয়ামী লীগের অর্থদাতাদের সহায়তায় অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন এবং পরে মারা যান।

এ ঘটনায় একই বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।