জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে মোসা. মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের পরিবার ও শাশুড়ির জানান, মরিয়ম বেগম উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সুজন শিকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে খিচুনি রোগে ভুগছিলেন। শনিবার বিকেল ৫টার দিকে খেলাধুলা শেষে বাড়ি ফেরা দুই শিশু সন্তানকে নিয়ে তিনি পুকুরঘাটে যান। পরে সন্তানদের ঘরে পাঠিয়ে থালা-বাসন ধোয়ার সময় হঠাৎ খিচুনি উঠে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে সন্তানরা তার শাশুড়িকে জানায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় মরিয়মকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।