শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে রাজনৈতিক রঙ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষায়, শিক্ষার্থীরা অটোপাস বা পরীক্ষা বাতিলের দাবিতে নয়, বরং বন্যা, জলাবদ্ধতা ও দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য না হওয়ার দাবিতেই রাজপথে নেমেছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি একটি যৌক্তিক, মানবিক ও ন্যায্য আন্দোলন। কিন্তু কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তির বক্তব্যে আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার ও হয়রানির পরিবেশ তৈরি হচ্ছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে ডিবি পুলিশের পরিচয়ে ফোনে ভয়ভীতি ও হুমকির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয়ভীতি, গ্রেফতারের হুমকি ও হয়রানি বন্ধ করে শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসতে হবে। কারণ, শক্তি প্রয়োগ নয়—আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।
এনসিপির এই নেতা আরও বলেন, ‘শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশ করলেই তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।’ তার মতে, নাগরিকের মতামতকে ষড়যন্ত্র হিসেবে না দেখে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে বিবেচনা করাই গণতন্ত্রের চর্চা।

ডেস্ক রিপোর্ট 






















