প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজার জন্য জড়ো হয়েছিলেন ওই ব্যক্তিরা। ঠিক সেই সময় একটি ড্রোন জানাজায় অংশ নেয়া মানুষদের ওপর আঘাত হানে।
আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, ‘যুদ্ধবিরতির প্রতি কোনো সম্মান দেখানো হচ্ছে না। জানাজায় অংশ নেয়া লোকজন মসজিদ থেকে বের হওয়ার সময় ড্রোন হামলার শিকার হন।’
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী সেল’ লক্ষ্য করে অভিযান চালানো হয়। হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত রয়েছে এবং ঘটনার ফলাফল পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
অন্যদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘গাজায় যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করে ইসরায়েল নিরীহ মানুষের ওপর হামলা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনেই এই জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে।’

ডেস্ক রিপোর্ট 


















