বিশ্বকাপ ফাইনালের আগে প্রস্তুতির সূচি নিয়ে ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার অভিযোগ, সেমিফাইনালের পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না দিয়েই দলকে অনুশীলনে নামতে হয়েছে।
সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর দলটি গভীর রাতে নিউ জার্সিতে পৌঁছায়। কিন্তু পরদিনই সংবাদ সম্মেলন ও ফিফার আনুষ্ঠানিক সূচির কারণে নির্ধারিত সময়ের আগেই অনুশীলন করতে হয়েছে। এতে কৌশলগত প্রস্তুতি এবং খেলোয়াড়দের বিশ্রাম—দুই ক্ষেত্রেই ব্যাঘাত ঘটেছে বলে মনে করেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দীর্ঘ ভ্রমণের কারণে খেলোয়াড়দের বিশ্রামের সময় কমে যাওয়াতেই মূলত অসন্তুষ্ট স্কালোনি।
ফাইনালের আগে এখন দলের শারীরিক অবস্থাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, কয়েকজন ফুটবলার এখনো পুরোপুরি ফিট নন। তাই তাদের অবস্থা পর্যবেক্ষণ করেই চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে।
এদিকে প্রতিপক্ষ স্পেনকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে স্কালোনি বলেন, আর্জেন্টিনা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলবে, তবে প্রতিপক্ষের শক্তির দিকগুলোও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
রোববারের ফাইনালে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে আর্জেন্টিনা। আর সেই লক্ষ্য নিয়েই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মেসি-স্কালোনির দল।

ডেস্ক রিপোর্ট 






















