এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর ৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার।
রাষ্ট্রীয় অপচয় রোধে প্রধানমন্ত্রী নিজে বাস করছেন নিজস্ব বাসভবনে, বহন করছেন ব্যক্তিগত জ্বালানি খরচও। মানবাধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কৃষি ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী–খাল খনন এবং ঐতিহাসিক পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজ।
পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষার্থীদের ফি হ্রাস এবং তৃণমূলের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। সরকারের এই ৫ মাসের সামগ্রিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত জানাতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

ডেস্ক রিপোর্ট 























