রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশও দিয়েছেন তিনি।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বায়ু ও শব্দদূষণ কমাতে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে শব্দদূষণকারী হর্ন নিয়ন্ত্রণের সম্ভাবনাও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীতে যান চলাচল আরও শৃঙ্খল হবে, কমবে বায়ু ও শব্দদূষণ, পাশাপাশি নগরবাসী পাবে আরও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ।

ডেস্ক রিপোর্ট 





















