দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার সকালে দোহার উদ্দেশে রওনা হন তিনি। আগামী ১৯ আগস্ট রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও সফরে যাচ্ছে। এতে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।
এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির।
সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে।
দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে বের করাই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 























