শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসককে ‘আপু’ সম্বোধন করায় রোগীকে অভিভাবকসহ কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কাজী মাসুম জানান, তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়া পেটব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে প্রথমে চিকিৎসক অনন্যা কিছু ওষুধ দেন। পরে একটি ওষুধ না পেয়ে ফের কক্ষে গেলে তখন দায়িত্বে ছিলেন ডা. মারজিয়া খাতুন। তিনি বলেন, বিনয়ের সঙ্গে ডাক্তারকে ‘আপু’ সম্বোধন করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ডা. মারজিয়া এবং কক্ষ থেকে বের করে দেন।
এ ঘটনায় রোগীর স্বজনরা অভিযোগ করেন, শুধু ডা. মারজিয়াই নন, অনেক চিকিৎসকই রোগী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে ডা. মারজিয়া জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কথা বলবেন না।
হাসপাতালের আরএমও ডা. তাহেরাতুল আশরাফি বলেন, হয়তো ভুলক্রমে এ কথা বলা হয়েছে, তবে অফিসিয়ালি অভিযোগ জানাতে হবে। শেরপুর সিভিল সার্জন মুহাম্মদ শাহীন বিষয়টিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন এবং জানান, রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

