সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশেষ সাংবিধানিক আদেশ (সিএ) জারির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি ছাড়া আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার কী আইনের ভিত্তিতে জাতীয় নির্বাচন পরিচালনা করবে, তা অনিশ্চিত থাকবে।
শিশির মনির লিখেছেন, গণঅভ্যুত্থান তথা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতে হবে। তিনি সতর্ক করেছেন, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ভবিষ্যতে সাংবিধানিক প্রশ্নের মুখে পড়বে।
তিনি আরও উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছিল। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছিল। তবে শিশির মনিরের মতে, এই সরকার সাংবিধানিক নয়, এটি গণঅভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে গণঅভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে হবে।

ডেস্ক রিপোর্ট 



















