পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর এ কর্মসূচি শুরু হয়।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচন তাদের দীর্ঘদিনের দাবি। এ পদ্ধতিতে নির্বাচন হলে একদলীয় চাঁদাবাজি ও টেন্ডারবাজি কমে যাবে। বক্তারা আরও বলেন, দেশের ইতিহাসে বিগত প্রতিটি নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল। গত ১৭ বছর দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচার সরকার চলেছে। এ প্রহসনমূলক নির্বাচন আর মেনে নেওয়া হবে না।

