হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারও সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না, যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বসূরিরা সতর্ক করেছেন। সহি আকিদার ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হেফাজতের আমির।
তিনি বলেন, “যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করেছেন এবং যাদের ভ্রান্ত আকিদা নিয়ে বহু বই-পুস্তক লেখা হয়েছে, তাদের সঙ্গে কোনোভাবেই জোটবদ্ধ হবেন না।” আলেমদের উদ্দেশে তিনি আরও বলেন, ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না; দেশের তাবলিগ, মসজিদ-মাদরাসার যেন কোনো ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
সম্মেলনে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, দেশের ইসলামি শক্তি নিজেদের মাঝে ঐক্য না করে অন্যদের সঙ্গে ঐক্যের চেষ্টা করছে, যা ভুল। জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।

