পিআরসহ নানা দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের রাজপথের কর্মসূচিকে ‘অহেতুক চাপ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনা ছাড়া রাজপথের কর্মসূচি জনগণের জন্য শুভ নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বিএনপি পিআর পদ্ধতি এবং কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আট দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পাঁচ আগস্টের পর কোনো সমস্যা নিয়ে বিএনপি রাজপথে নামেনি। বিএনপি মনে করে, আলোচনার মধ্যে দিয়েই দেশের সব সমস্যার সমাধান সম্ভব। দেশের বাইরে নয়, নিজেদের সিদ্ধান্ত দেশের ভেতরেই ঐক্যবদ্ধভাবে নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগের দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্যা সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করে না। এটি হলে তা হবে ‘ভয়ঙ্কর চর্চা’।
তিনি আরও বলেন, বিভিন্ন দাবিকে ঘিরে রাজপথের কর্মসূচি দেওয়া হচ্ছে যা সঠিক নয়। এসব আলোচনার টেবিলে বসে সমাধান হতে পারে।

