সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি কমে যাবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং একটি সোনার বাংলাদেশ গড়ে উঠবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দেবহাটার সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে উপজেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, জামায়াত ইসলাম রাস্তার ইট, ভবনের সিমেন্ট বা রড ‘খায় না’; বরং অতীতে দলটির যেসব এমপি–মন্ত্রী ছিলেন তারা জীবন দিয়ে ন্যায়ের পক্ষে কাজ করেছেন। সাতক্ষীরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত প্রধান সড়কটি ছয় লেনে উন্নীত করার প্রাথমিক বাজেট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

বিগত সরকার নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “তাদের পালিয়ে যাওয়া আত্মহত্যা করে মরে যাওয়ার চেয়ে লজ্জাজনক।” তিনি জামায়াতের ওপর হওয়া ‘জুলুম-অত্যাচারের’ কথাও তুলে ধরে আগামী নির্বাচনে দলটিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ইমদাদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ-সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম ও প্রভাষক ওমর ফারুক। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।