অর্থ সংকটের কারণে ১৫ শতাংশ বাজেট হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে ১,৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফিরিয়ে আনছে জাতিসংঘ। এই পাঁচ মিশনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য রয়েছেন।
জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের (ওএমএ) ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, মহাসচিবের নির্দেশ অনুযায়ী চলমান আর্থিক সংকটের কারণে ইউনিফর্মধারী সদস্যদের বরাদ্দ ১৫ শতাংশ কমানো হচ্ছে, ফলে মাঠপর্যায়ে শান্তিরক্ষীর সংখ্যা কমবে।
সবচেয়ে বেশি প্রত্যাহার হবে দক্ষিণ সুদানের ‘ইউএনমিস’ মিশন থেকে ৬১৭ জন। এছাড়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ‘মিনুসকা’ থেকে ৩৪১ জন, সুদানের আবেই অঞ্চলের ‘ইউনিসফা’ থেকে ২৬৮ জন, কঙ্গোর ‘মনুসকো’ থেকে ৭৯ জন এবং পশ্চিম সাহারার ‘মিনুরসো’ থেকে ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী ফিরিয়ে আনা হবে।
চিঠিতে আশ্বস্ত করা হয়েছে, এটি শুধুমাত্র বাজেট সংকটজনিত সিদ্ধান্ত এবং পরিকল্পনায় পরিবর্তন হলে বাংলাদেশ স্থায়ী মিশনকে দ্রুত জানানো হবে।
প্রসঙ্গত, এর আগে কঙ্গো থেকে ১৮০ সদস্যের বাংলাদেশ পুলিশের একমাত্র কন্টিনজেন্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন।
১৯৮৮ সালে ইরান-ইরাক পর্যবেক্ষণ মিশনে অংশগ্রহণের মাধ্যমে শুরু হওয়া বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে এখন পর্যন্ত ৬৩টি মিশনে অংশ নিয়েছেন এক লাখ ৭৮ হাজারেরও বেশি শান্তিরক্ষী। বর্তমানে ১০টি অঞ্চলে দায়িত্ব পালন করছেন পাঁচ হাজার ৬১৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী।

