জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে নিহত দুই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
রোববার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতদের স্বজনরা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান। গুরুতর আহত অপর এক নারীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বলেন, 'দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, 'দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরেছি জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

