বিশ্বকাপ ফাইনালের আগে শারীরিক সক্ষমতার লড়াইয়ে কে এগিয়ে? এমন প্রশ্ন আসতেই পারে।উত্তর খুঁজতে গেলে কাগজে কলমের হিসেবে কখনও কিছুটা এগিয়ে থাকতে পারে স্পেন, আবার কখনও আর্জেন্টিনা। তবে পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনার তুলনায় ৭৭ মিনিট কম খেলেছে ইউরোপের দলটি।
স্পেন তাদের সব ম্যাচই নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই শেষ করেছে। ফলে অতিরিক্ত সময় খেলতে হয়নি লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের। সব মিলিয়ে বিশ্বকাপে তাদের মাঠে থাকার সময় ৭১৭ মিনিট।
অন্যদিকে, আর্জেন্টিনাকে দুবার অতিরিক্ত সময় খেলতে হয়েছে। নকআউট পর্বের দুটি ম্যাচ ১২০ মিনিট পর্যন্ত গড়ানোয় লিওনেল স্কালোনির দল এ পর্যন্ত মাঠে কাটিয়েছে মোট ৭৯৪ মিনিট। অর্থাৎ স্পেনের চেয়ে ৭৭ মিনিট বেশি খেলেছে আলবিসেলেস্তেরা।
তবে বিশ্রামের দিক থেকে আর্জেন্টিনা কিছুটা সুবিধা পেয়েছে। ফাইনালের আগে তারা স্পেনের তুলনায় এক দিন বেশি বিশ্রাম পেয়েছে।
ফলে এবারের ফাইনালে কৌশল, মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতার পাশাপাশি শারীরিক সক্ষমতাও বড় ভূমিকা রাখতে পারে। ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ গড়ালে কারা শেষ পর্যন্ত নিজেদের শক্তি ধরে রাখতে পারে, সেটিও শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ডেস্ক রিপোর্ট 























