নিজেকে ‘পরীক্ষা মিলন’ বলে আখ্যা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা ট্রল ও সমালোচনারও জবাব দিয়েছেন তিনি।

শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক—যার নামের আগে ‘ডক্টর’ উপাধি রয়েছে—তাকে ‘পরীক্ষা মিলন’ নামে সম্বোধন করেছেন।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, পরীক্ষা ছাড়া কি শিক্ষা সম্ভব? তিনি বলেন, উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থায়ও বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি রয়েছে। পরীক্ষা বা মূল্যায়ন ছাড়া কোনো শিক্ষার্থীর সনদ অর্জনের সুযোগ নেই। তাই শিক্ষার মানোন্নয়নের জন্য পরীক্ষাকে অপ্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করা যৌক্তিক নয়।

পিএইচডি ডিগ্রি নিয়েও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে কিছু মানুষ দায়িত্বশীল অবস্থানে থেকেও বিভ্রান্তিকর মন্তব্য করছেন। এমনকি একটি রসাত্মক গল্পের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, সব পিএইচডি ডিগ্রির মান নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে।

সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, একটি ভুল ব্যাখ্যাকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়েছে। তার দাবি, যারা তাকে নিয়ে ট্রল করছেন, তারা প্রকৃত শিক্ষার্থী নন; বরং শিক্ষার্থীদের বিভ্রান্ত করে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। সমালোচনা বা ট্রল নয়, শিক্ষাব্যবস্থার উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য এবং সেই দায়িত্ব থেকে তারা সরে আসবেন না।