সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
বুধবার (১৯ আগস্ট) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।
গত ১৩ আগস্ট রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। শুনানিতে তিনি নিজেই রিটের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলসহ রাষ্ট্রের আইন কর্মকর্তারা।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন এবং তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়।
এদিকে, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা করা হবে এবং প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের এই আয়োজন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















