ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো রিকশা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকায় চলাচল করতে পারবে না। রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদ-সংক্রান্ত সমন্বিত অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, নতুন নীতিমালা কার্যকর হলে রিকশা ও চালক—উভয়েরই লাইসেন্স থাকা বাধ্যতামূলক হবে। দক্ষিণ সিটির চারটি অঞ্চলের নির্ধারিত সড়কেই কেবল অনুমোদিত রিকশা চলাচল করতে পারবে।
তিনি বলেন, নির্ধারিত এলাকার বাইরে রিকশা চলাচলের সুযোগ থাকবে না। একইভাবে উত্তর সিটির কোনো রিকশাও দক্ষিণ সিটি এলাকায় প্রবেশ করতে পারবে না।
পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনের অংশ নিজেদের উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। যারা এ দায়িত্ব পালন করবে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া দীর্ঘদিন ধরে অনুরোধের পরও যারা কর পরিশোধ করেননি, ট্রেড লাইসেন্স নেননি কিংবা আইন মেনে ব্যবসা পরিচালনা করছেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ফুটপাত দখল প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে বড় ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে অতিরিক্ত স্থান থাকলে সেখানে হকার বসার সুযোগ দেওয়া যেতে পারে।

ডেস্ক রিপোর্ট 




















