কোনো দেশের সঙ্গে শর্তসাপেক্ষে নয়, বরং পারস্পরিক সমতা, মর্যাদা, সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।
রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই বিশ্বের সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। তবে কোনো শর্ত বা বিশেষ স্বার্থের বিনিময়ে এমন সম্পর্ক গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা রেখেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক গড়ে ওঠা উচিত। বাংলাদেশের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ভারত যদি কোনো শর্ত বা বিশেষ স্বার্থ ছাড়াই বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণভাবে আমন্ত্রণ জানায়, তাহলে সরকার তা ইতিবাচকভাবে দেখবে। তবে কোনো বিশেষ শর্ত বা স্বার্থের বিনিময়ে সম্পর্ক মেনে নেওয়া হবে না। ভারতের সঙ্গেও সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।

ডেস্ক রিপোর্ট 



















