বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনের নামে আন্দোলন আসলে একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্র ব্যাহত এবং দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এই সুযোগে পালিয়ে গেলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে, সৃষ্টি হতে পারে বিশৃঙ্খলা ও নাশকতা।
বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নে বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স আরও বলেন, অহেতুক আন্দোলনের নামে সামাজিক বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। তিনি দাবি করেন, জনসমর্থনহীন কোনো আন্দোলন কখনো সফল হয় না।
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, নির্বাচন ও গণতন্ত্র থেকে বিচ্যুতি জনগণ মেনে নেবে না। পাশাপাশি সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সম্মেলনে প্রিন্স নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ও অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল।

ডেস্ক রিপোর্ট 



















