নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার আলোকবালীর চরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগে বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামের একজন নিহত হন। এর জেরে আজ দুপুরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ চলাকালে একপক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা অভিযোগ করেছেন, আলোকবালী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দুই গ্রুপই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভিড়িয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

