নেত্রকোনার বারহাট্টায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ছয় নেতাকে শোকজ নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ (কমল) স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়।

শোকজ হওয়া নেতারা হলেন—বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস তালুকদার (নয়ন), সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ, যুগ্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (ভুট্টো) এবং সদস্য মো. মোস্তফা কামাল।

নোটিশে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি শোকজপ্রাপ্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চোরাচালান, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, উচ্ছৃঙ্খল আচরণ, নৈতিক অবক্ষয়সহ মাদক সেবন ও বিক্রির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও হয়েছে। এসব ঘটনার ভিত্তিতেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তারা কি উত্তর দেন, তা দেখা হবে। তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে নোটিশপ্রাপ্তদের কারও সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।