চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ নামে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিবির নেতারা এ প্যানেলের তালিকা প্রকাশ করেন।
এই প্যানেলে পাঁচজন নারী ও একজন হিন্দু শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জি এস) পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এ জি এস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসাইন মুন্না।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি, সমাজসেবা-পরিবেশ, গবেষণা ও উদ্ভাবন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, ছাত্রী কল্যাণ, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক, যোগাযোগ ও আবাসন, আইন ও মানবাধিকার, পাঠাগার ও ক্যাফেটেরিয়া–সহ নানা ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রার্থীরা। নির্বাহী সদস্য হিসেবে আছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফ।
তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়নপত্র জমা শেষ হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

