ঢাবি ভিসি, প্রক্টর ও মুহসীন হল প্রভোস্টকে সেই জালালের লিগ্যাল নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি), প্রক্টর এবং হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্টের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল।
আবাসিক হলের সিট ফেরত, বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ এবং সাম্প্রতিক ‘মব হামলার’ সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার পক্ষে আইনজীবী বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) এই নোটিশ পাঠান।
জালাল ঢাবির টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষের আবাসিক ছিলেন। তবে গত ২৬ আগস্ট রাতে রুমমেট রবিউলকে চেয়ার ও ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন, এতে রবিউলের বুকের কাছে জখম হয়। এরপরই তিনি হল থেকে বহিষ্কৃত হন।
পরদিন আদালতের নির্দেশে জালালকে কারাগারে পাঠানো হয়। ডাকসু নির্বাচনের আগে দুই দফায় জামিন আবেদন নাকচ হলেও ১১ সেপ্টেম্বর তৃতীয় দফায় জামিন পেয়ে মুক্তি পান তিনি।
কারামুক্তির কয়েক দিনের মধ্যেই ভিসি, প্রক্টর ও প্রভোস্টকে পাঠানো লিগ্যাল নোটিশে জালাল সাত দিনের মধ্যে মব হামলায় জড়িতদের শাস্তি, তার আবাসিক সিট ফেরত ও অবৈধভাবে হলে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
নোটিশে উল্লেখ করা হয়, উল্লিখিত দাবিগুলো পূরণ না হলে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং এর সম্পূর্ণ দায়ভার নোটিশপ্রাপ্ত কর্তৃপক্ষকে বহন করতে হবে।

