চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে স্থান না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জুলাইয়ের গণঅভ্যুত্থানের অগ্রভাগের নেতা আব্দুল্লাহ আল মামুন। এজিএস পদে মনোনয়নপত্র তুললেও চূড়ান্ত তালিকায় নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন।
ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মামুন শাখা ছাত্রদলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে মহাসড়ক অবরোধ থেকে শুরু করে প্রতিটি কর্মসূচিতে তার উপস্থিতি ছিল দৃশ্যমান। খালি গায়ে বুকে লেখা ‘ফ্রি কোটা অর ডাই’ এবং হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়ানো তার ছবি দেশ-বিদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মামুন ছাত্রদলের পক্ষ থেকে এজিএস পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ঘোষিত প্যানেলে জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন দলের অনেক নেতা-কর্মী। তারা মনে করেন, আন্দোলনের অগ্রনায়ক একজন নেতাকে বাদ দেওয়া অবিচার।
নিজের অবস্থান জানাতে গিয়ে মামুন বলেন, তিনি ছাত্রদলের কর্মী হিসেবে শুরু থেকে সংগ্রাম করে এসেছেন। শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে ছাত্রদলই সবচেয়ে সরব ছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফসল এই ছাত্র সংসদ নির্বাচন। তিনি চেয়েছিলেন এজিএস পদে ছাত্রদলের প্রার্থী হতে, তবে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঘোষিত প্যানেলে ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দেওয়া হয়।

