জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তার দল কোনো জোটে যাবে না এবং নিজস্ব অবস্থান থেকে রাজনীতি চালাবে। তিনি জামায়াতের সঙ্গে আন্দোলনের কথাও নাকচ করেছেন। নাহিদ বলেন, “জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়। এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।”
তিনি আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশে তৃণমূল পর্যায়ে কাজ করবো।” নাহিদ ইসলাম জানান, নতুন সংবিধানসহ এনসিপির ২৪ দফা কর্মসূচি নিয়ে দেশের উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করবে দল।
সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যগণ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

