জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে যোগ দেবে না, নিজস্ব অবস্থান থেকেই রাজনীতি করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দলের সমন্বয় সভায় তিনি এ ঘোষণা দেন।

জামায়াতের সঙ্গে আন্দোলনের সম্ভাবনাও নাকচ করে নাহিদ বলেন, জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়, কিন্তু এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে এনসিপির অবস্থান স্পষ্ট।

তিনি নেতাকর্মীদের জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নাহিদ অভিযোগ করেন, সরকার জুলাই গণহত্যার আসামিদের ছেড়ে দিচ্ছে এবং সন্ত্রাসীরা এনসিপি নেতাদের হুমকি দিচ্ছে।

দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কিছু দালাল মিডিয়া নেতাদের নিয়ে অপপ্রচার করছে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

তিনি জানান, নতুন সংবিধানসহ এনসিপির ২৪ দফা কর্মসূচি উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়া হবে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

দিনব্যাপী এ সমন্বয় সভায় কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।