কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এদিকে, পরিবারের পক্ষ থেকে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সময় ঘোষণা করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর অপ্রতিমের গ্রামের বাড়ি চাঁদপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেখানে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের শিক্ষক নূর মোহাম্মদ রাজু।
ইশায়েক শাহরিয়ার অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। পরিবারের সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতো।
তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার একজন মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের শিক্ষক নূর মোহাম্মদ রাজু বলেন, কুবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কাল রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও তার গ্রামের বাড়ি চাঁদপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতীম।
এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড়ের টিলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় ও গায়ে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত আনাস, তুহিন ও ফাহিম নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















