বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় এ হামলা হয়। এতে বেল্লাল শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

গতকাল শনিবার কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এরপর থেকেই কমিটি নিয়ে দলীয় ও সামাজিক মাধ্যমে বিরোধ শুরু হয়। আজ সেই বিরোধের জেরেই বেল্লাল শেখের ওপর প্রতিদ্বন্দ্বী গ্রুপ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বেল্লাল শেখ বলেন, “আমরা নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষকদের সঙ্গে দেখা করতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা হয়।” তবে কারা হামলা করেছে সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে নবগঠিত কমিটিরই কয়েকজন সদস্য ছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সামির।

বাগেরহাট সদর থানার ওসি মাহামুদ-উল-হাসান বলেন, “এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, “দলীয় কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা ও বাইরের কেউ হলে আইনগত ব্যবস্থা নিতে হবে।”