অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। পাঁচজন সচিবসহ মোট ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারা প্রয়োগ করে জনস্বার্থে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবরা হলেন—
-
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান
-
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার
-
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন
-
ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম
-
জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ
অন্যদিকে, আরেকটি পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্রকেও একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার জনস্বার্থে কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে। সেই ধারা প্রয়োগ করেই এই কর্মকর্তাদের অবসরে পাঠানো হলো। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে প্রশাসনের সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 






















