বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার শিরোপা হারানোর এক মাস পূর্ণ হয়েছে। এর মধ্যেই ফাইনাল ম্যাচ ঘিরে জাতীয় দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগকে ‘জঘন্য প্রচারণা’ বলে আখ্যা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে তাপিয়া বলেন, ফাইনালের পর এমন একটি বয়ান ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, যেখানে দাবি করা হয়—আর্জেন্টিনার খেলোয়াড়রা নাকি ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে দিয়েছিলেন।
তিনি বলেন, মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের পর কয়েক সপ্তাহ ধরে এসব অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করা হয়েছে। অথচ এক মাস পেরিয়ে গেলেও অভিযোগকারীদের কেউ নিজেদের ভুল স্বীকার বা ক্ষমা চাননি।
তাপিয়ার ভাষ্য, খেলোয়াড়রা যখন মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করছিলেন, তখন মাঠের বাইরে কেউ কেউ ঘৃণা ও বিভাজন ছড়ানোর পাশাপাশি জাতীয় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছিলেন।
সম্প্রতি আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাও জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে তার নিজের মা পর্যন্ত তাকে প্রশ্ন করেছিলেন।
তাপিয়া আরও বলেন, জাতীয় দলের খেলোয়াড়দের ‘বিশ্বাসঘাতক’ বলার মতো গুরুতর অভিযোগ কোনো প্রমাণ ছাড়া তোলা হয়েছে। তাই যারা এসব কথা বলেছেন, তাদেরই এখন নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, সময় পার হয়ে গেলেই বিষয়টি ভুলে যাওয়ার সুযোগ নেই। নীরব থাকা বা এমন আচরণ করাও যথেষ্ট নয়, যেন কিছুই ঘটেনি।
সবশেষে বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাপিয়া বলেন, যারা নিজেদের সবটুকু দিয়েছেন, তাদের কিছুই ব্যাখ্যা করার নেই; বরং যারা মিথ্যা অভিযোগ তুলেছেন, ব্যাখ্যা তাদেরই দিতে হবে।

ডেস্ক রিপোর্ট 
























