শেখ হাসিনা সরকারের সময়ে সংঘটিত বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে প্রদর্শনী করার লক্ষ্যে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘর গড়ে তোলার কাজ চলছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ বৈঠক করে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বৈঠকে জানান, ৩১ অক্টোবরের মধ্যে জাদুঘরের নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহেই উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন। জাদুঘরে আলোচিত ঘটনাগুলোর তথ্য-প্রমাণ ও ইতিহাস তুলে ধরা হবে। দর্শনার্থীদের জন্য একটি স্ক্রিনিং সেন্টারও থাকবে, যেখানে প্রাসঙ্গিক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্মাণসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই জাদুঘর অতীতের নানা ঘটনা সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে।
জাদুঘর নির্মাণে আইসিটি প্রসিকিউশন টিম ও গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব। তিনি বলেন, “আমরা মনে করছি এটি একটি অনন্য জাদুঘর হবে, যেখানে ধারাবাহিকভাবে ঘটনাগুলো উপস্থাপন করা হবে।”
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, গুম সংক্রান্ত কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও গবেষকরা উপস্থিত ছিলেন।

