বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় অর্জন করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এবং এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা জামায়াতকে ভালোবাসেন এবং যাদের জামায়াত ভালোবাসে তাদের নিয়েই আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করা হচ্ছে। এই নির্বাচনে বিজয়লাভের লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, অনেক আন্দোলন, ত্যাগ ও কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট একটি নতুন বাংলাদেশ পাওয়া গেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন, কেউ হাত-পা ও চোখের আলো হারিয়েছেন। তাদের এই ত্যাগ ও কুরবানির বিনিময়ে মহান বিজয় এসেছে বলে তিনি উল্লেখ করেন এবং আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে এর উপযুক্ত প্রতিদান কামনা করেন।

