বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির আবরার ফাহাদ হত্যার জন্য তাদের সংগঠনকে দায়ী করার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতিতে এই মন্তব্যকে মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। তারা অভিযোগ করেন, নিলুফার চৌধুরী মনি এই হত্যাকাণ্ডে ছাত্রশিবিরকে দোষারোপ করে ছাত্রলীগের দীর্ঘ ১৬ বছরের শাসনকালে সংঘটিত অপরাধের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে ছাত্রশিবির সবচেয়ে নিপীড়িত সংগঠন, যার শতাধিক জনশক্তি শহীদ এবং হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তারা অভিযোগ করেন, নিলুফার চৌধুরী শিবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার করছেন, যা ছাত্র সংসদ নির্বাচনের প্রেক্ষাপটেও শিবিরের ইমেজ ক্ষুণ্ণ করার চক্রান্ত।
ছাত্রশিবির বলেছে, নেত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। এই ধরনের মন্তব্যের মাধ্যমে শুধু মিথ্যাচার নয়, বরং দেশের মানুষ ও ইতিহাসকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তারা উল্লেখ করেছেন।
