বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশে যা কিছু ভালো, সবকিছু বিএনপি দিয়েছে। তিনি অভিযোগ করেন, সেই বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি কোনোভাবেই হঠাৎ করে বা বিদেশ থেকে এসে গড়ে উঠেনি; এটি লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত। একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল ও নতুন প্রজন্মের নেতা-কর্মীরাও বিএনপির ব্যাপারে নানা মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপিকে ভাঙার জন্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তা কখনো সফল হয়নি; বরং ষড়যন্ত্রকারীরা নিজেই ব্যর্থ হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তাঁর কথায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র চারটি পত্রিকা চালু রেখে বাকী সব পত্রপত্রিকা বন্ধ করেছিলেন। শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়ার, যা বাস্তবায়নের জন্য তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সভাপতিত্ব করেন এবং মাজহারুল ইসলাম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী ও সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।