বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, সুযোগ পেলে কেশবপুরের এলাকার উন্নয়নে কাজ করবেন এবং সকল চাঁদাবাজি বন্ধ করবেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে, যা দেশের প্রায় ৫০ লাখ মহিলার কর্মসংস্থান নিশ্চিত করবে এবং মানুষকে স্বনির্ভর করে তুলবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেশবপুরের ত্রিমোহিনী মোড় চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাকে ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করতে হবে। তিনি ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন, বলেন যে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতি চালিয়ে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছেন।

শ্রাবণ দীর্ঘ ১৭ বছর পর কেশবপুরে প্রথম এসেছেন। তিনি যশোর থেকে খোলা গাড়িতে দাঁড়িয়ে প্রায় আড়াই হাজার মোটরসাইকেল এবং দুই শতাধিক প্রাইভেট মাইক্রোর শোভাযাত্রার মাধ্যমে কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুবক্কর আবুর গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন।

পথসভায় কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ। সভা শেষে শ্রাবণ কেশবপুর পৌর শহরে লিফলেট বিতরণ করেন, যেখানে তরুণ ও যুব সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।